ছাতকে মায়ের কোলে প্রধান শিক্ষকের ওপর হামলা!
সুনামগঞ্জের ছাতক উপজেলার মায়েরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসকর আলীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিফিনের খাবার বিতরণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি।
প্রধান শিক্ষক আসকর আলী জানান, শিক্ষার্থীদের জন্য বরাদ্দ টিফিন বিতরণের সময় মুনিরগাঁতি গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে জয়নাল হাজারী বিদ্যালয়ে এসে নিজের জন্য খাবার দাবি করেন। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হওয়ায় তাকে খাবার দেওয়া সম্ভব নয় বলে জানানো হলে তিনি ক্ষিপ্ত হয়ে একটি শ্রেণিকক্ষে প্রবেশ করেন। এ সময় অশালীন ভাষায় গালাগাল, হামলার চেষ্টা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন প্রধান শিক্ষক। তিনি আরও জানান, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও উপস্থিত অভিভাবকদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে তার মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাজেদা বেগম বলেন, জয়নাল হাজারী প্রধান শিক্ষকের ওপর হামলার চেষ্টা করলে তিনি, সহকারী শিক্ষিকা সেলিনা বেগম ও কামরুন নাহার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং প্রধান শিক্ষকের মোবাইল ফোন উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য দবির উদ্দিন বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে প্রধান শিক্ষক তাকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করেছেন। অভিযুক্ত জয়নাল হাজারী অভিযোগ অস্বীকার করে বলেন, টিফিনের খাবার নিয়ে কোনো ঝামেলা হয়নি। সন্তানদের পড়াশোনার খোঁজ নিতে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষকের সঙ্গে তর্কবিতর্ক হয়। তিনি দাবি করেন, কোনো হামলা করেননি। প্রধান শিক্ষক তাকে গালাগাল করলে তিনিও পাল্টা গালাগাল করেন।
এ বিষয়ে ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আহমদ বলেন, “শিক্ষকের ওপর হামলার অভিযোগ অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সুজন তালুকদার / সজল আহমেদ
মন্তব্য করুন: