সুনামগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির ‘গুণীজন সম্মাননা’ প্রদান
শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জে পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সম্মাননা ২০২৫’ প্রদান করেছে জেলা শিল্পকলা একাডেমি।
আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গুণীজনদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, “গুণীজনদের মূল্যায়ন নতুন প্রজন্মকে দেশ, সমাজ ও সংস্কৃতির প্রতি আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। জেলা শিল্পকলা একাডেমির এ ধরনের উদ্যোগ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খানের সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, জেলা জাসাসের সভাপতি শেরগুল আহমদ, সদস্য সচিব মোনাজির হোসেন সুজন এবং সাংবাদিক খলিল রহমানসহ প্রমুখ৷
এ বছর ‘গুণীজন সম্মাননা ২০২৫’ প্রাপ্ত পাঁচ বিশিষ্ট ব্যক্তি হলেন, সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় সাংবাদিক উজ্জ্বল মেহেদী, সাংস্কৃতিক সংগঠক হিসেবে শাহ নূরজালাল, আবৃত্তিশিল্পে রুনা শাহীন আরা লেইছ, কণ্ঠসংগীতে মো. যোবায়ের বখত এবং লোকসংগীতে হীরা মোহন তালুকদার। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন সাংবাদিক উজ্জ্বল মেহেদী।
অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
আর আর
মন্তব্য করুন: