ছাতকে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির শপথ
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনভুক্ত সুনামগঞ্জ জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৬৯৩/৯৩) নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) ছাতকের গোবিন্দগঞ্জস্থ সায়েমা শাদী মহলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্বাচন উপ-পরিষদের প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদের সভাপতিত্বে ও সহকারী নির্বাচন কমিশনার রুবেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী (মিজান), শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এবং সিলেট বিভাগীয় সড়ক পরিবহন কমিটির সভাপতি হাজী মো. ময়নুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন শ্রমিক ইউনিয়নের নতুন ভবন নির্মাণের জন্য ৩ লাখ টাকা এবং সংগঠনের অন্যান্য উন্নয়নমূলক কাজের জন্য ২ লাখ টাকা—সর্বমোট ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী শ্রমিক ইউনিয়নের কার্যালয় নির্মাণের জন্য ৩ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
শপথ গ্রহণ শেষে অনুষ্ঠানের সভাপতি ১১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের পরিচয় করিয়ে দেন। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি সুহেল আহমেদ, কার্যকরী সভাপতি মোশাহিদ আলী, সহ-সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শামসুল ইসলাম (শামু), সাংগঠনিক সম্পাদক খসরু মিয়া, প্রচার সম্পাদক হাচির আলী, কোষাধ্যক্ষ রাসেল মিয়া এবং সদস্য আব্দুল খালিক, অলিউর নবি (অলি) ও লোকমান হোসেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা শ্রমিকদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম, আতাউর রহমান এমরান, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির সভাপতি সামছুর রহমান সামছু, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকেরা উপস্থিত ছিলেন।
সুজন তালুকদার/ ডিডি
মন্তব্য করুন: