সুনামগঞ্জ সীমান্তে বাড়ছে আতঙ্ক,অস্ত্র হাতে যুবকদের ভিডিও ভাইরাল

গ্রেপ্তার ১,ভারতের অভ্যন্তরে পলাতক ৩

সুনামগঞ্জ সীমান্তে বাড়ছে আতঙ্ক,অস্ত্র হাতে যুবকদের ভিডিও ভাইরাল

মোঃ মাসুদ রানা সোহাগ, নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২১/০৭/২০২৬ ২৩:১০:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে এক ভারতীয় খাসিয়া নাগরিকের সঙ্গে অস্ত্র হাতে তিন স্থানীয় তরুণের ঘোরাঘুরির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সীমান্ত এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার পর পরই সীমান্তজুড়ে কঠোর নজরদারি জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ৩০ জুন অস্ত্রসহ তরুণের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর গত ২ জুলাই সীমান্তে অভিযান চালিয়ে হেলাল আহমেদ (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ভিডিওতে অস্ত্র হাতে দেখা যাওয়া সুজন মিয়ার ভাই। তবে পুলিশের তাড়া খেয়ে মূল অভিযুক্ত তিন তরুণ ভারতের অভ্যন্তরে পালিয়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, দোয়ারাবাজার সীমান্তের বাংলাবাজার ইউনিয়নের মৌলারপার (১২৩৪–১২৩৬ নম্বর সীমান্ত পিলার) এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই। বাঁশতলা, পেকপাড়া ও ঝুমগাঁও এলাকা দিয়ে সহজে সীমান্ত পারাপার হওয়া যায়। সীমান্তরক্ষার এই ভৌগোলিক দুর্বলতা এবং স্থানীয় বেকারত্বকে কাজে লাগিয়ে অনেক তরুণ চোরাচালান ও অস্ত্র অপরাধে জড়িয়ে পড়ছে।

সীমান্ত এলাকায় অপরাধের মাত্রা কতটা মারাত্মক, দোয়ারাবাজার থানা পুলিশের দেওয়া সাম্প্রতিক তথ্যেই তা স্পষ্ট। চলতি বছরের এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত মাত্র সাড়ে তিন মাসে এই থানায় ৪৬টি চোরাচালান ও মাদকের মামলা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক (ইয়াবা, ফেনসিডিল, বিদেশি মদ), ১ লাখ ৪০ হাজার শলাকা ভারতীয় বিড়ি, চিনি, জিরা এবং প্রসাধনসামগ্রী জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ভিডিওটি ভারতের মেঘালয় সীমান্তে ধারণ করা এবং যুবকদের হাতের অস্ত্রগুলো সেখানকার খাসিয়াদের। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad