সুনামগঞ্জে মাদক বিরোধী ঐক্যের সচেতনতামূলক সভা
যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের বিশম্ভরপুরে মতবিনিময় ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা মিলনায়তনে মাদকবিরোধী ঐক্য পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সৈয়দ আকরাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আওলাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, "মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। কেবল আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এ জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে।" তিনি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বিশম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। বিশম্ভরপুরকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।
এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আবু সুফিয়ান জুয়েল, ছফির উদ্দিন টিটুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এলাকাকে মাদকমুক্ত না করা পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রীতম দাস / আর আর
মন্তব্য করুন: