সুনামগঞ্জ সীমান্তে জব্দকৃত ভারতীয় গরু নিলামে বিক্রি

সুনামগঞ্জ সীমান্তে জব্দকৃত ভারতীয় গরু নিলামে বিক্রি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩১/০৭/২০২৬ ১৪:০৭:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাঙ্গালভিটা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে জব্দ করা ২৮টি ভারতীয় গরু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিলামে বিক্রি থেকে প্রাপ্ত ১৩ লাখ ৩০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় বাঙ্গালভিটা বিজিবি ক্যাম্পে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের তত্ত্বাবধানে নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। সর্বোচ্চ দরদাতা বাঙ্গালভিটা গ্রামের মো. আল আমিন প্রতিটি গরু ৪৭,৫০০ টাকা দরে মোট ১৩ লাখ ৩০ হাজার টাকায় জব্দ করা ২৮টি গরু ক্রয় করেন।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় গরু ও একটি স্টিল বডির নৌকা জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দ করা গরু ও নৌকার আনুমানিক মূল্য ছিল প্রায় ২৫ লাখ ৩০ হাজার টাকা।

সূত্র আরো জানায়, প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী জব্দ করা মালামাল নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়। নিলাম থেকে প্রাপ্ত অর্থ সরকারি বিধান অনুসারে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিজিবির সেক্টর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে জব্দ করা মালামাল প্রচলিত আইন ও বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে।”

লতিফুর রহমান রাজু/ ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad