সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ দিরাই থানার আমিনুল ইসলাম
মামলা দ্রুত নিষ্পত্তি, নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং চোরাচালানকৃত পণ্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এই বিশেষ পারফরম্যান্সের জন্য ‘শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেন।
উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সূত্রে জানা যায়, গত জুলাই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার এবং থানা এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য পারফরম্যান্স দেখান ওসি মো. আমিনুল ইসলাম।
সম্মাননা প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘‘এ অর্জন আমার একা নয়, দিরাই থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ সম্মাননা আমাকে এবং আমার টিমকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবা করার অনুপ্রেরণা জোগাবে।’’
তিনি দিরাই থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
লতিফুর রহমান রাজু/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: