মেলা উপলক্ষে সিলেট নারী উদ্যোক্তাদের জন্য সুখবর উইমেন চেম্বারের
সিলেটের নারী উদ্যোক্তাদের কাজের প্রসার এবং তাঁদের তৈরি পণ্যের দেশীয় ও আন্তর্জাতিক বাজার তৈরির লক্ষ্যে এক অভাবনীয় সুযোগ সৃষ্টি করেছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে আগামী ১০ অক্টোবর ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী “সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬”। সিলেটের মেধা ও মননশীলতায় তৈরি দেশীয় পণ্যের প্রচার, বিক্রি ও বিপণনকে নতুন উচ্চতায় নিয়ে যেতেই চেম্বার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এই বিশাল আয়োজন করা হয়েছে।
মেলা শুরুর আর মাত্র কয়েক দিন বাকি থাকায় উদ্যোক্তাদের আগ্রহ ও উদ্দীপনা এখন তুঙ্গে। এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে যেসব উদ্যোক্তা মেলায় স্টল নিতে আগ্রহী, তাঁদের জন্য অত্যন্ত জরুরি একটি বার্তা দিয়েছে সংগঠনটি।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল সোমবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় সিলেট উইমেন চেম্বারের নিজস্ব কার্যালয়ে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। মেলার স্টল বণ্টন, স্টল ব্যবস্থাপনা, ভাড়ার হার নির্ধারণ এবং সার্বিক অয়োজনকে নিখুঁত ও সফল করতে অনুষ্ঠিত হতে যাওয়া এই চূড়ান্ত সভায় মেলায় স্টল নিতে ইচ্ছুক সব নারী উদ্যোক্তাকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নারী উদ্যোক্তাদের মেধা ও সৃজনশীলতাকে বাণিজ্যিকভাবে সফল করে তুলতে এই মেলা এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চেম্বারের নেতৃবৃন্দ। সফল এই বাণিজ্যিক আয়োজনে যুক্ত হয়ে নিজের ব্যবসাকে এক ধাপ এগিয়ে নিতে স্থানীয় নারী উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মতামত প্রত্যাশা করা হচ্ছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: