কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
জুলাই অভ্যুত্থান ঘিরে গুম ও হত্যা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর সকাল সাড়ে ৮টার দিকে নাঈমুজ্জামানকে পঞ্চগড় আদালতে তোলা হয়। এ সময় আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পুলিশ জানায়, নাঈমুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট ১২টি মামলা রয়েছে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা প্রথমবারের মতো দলের মনোনয়ন পান। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: