জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর!
রাজধানী ঢাকার উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নিজ বাসভবনে অতর্কিত হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত তাঁর বাসায় এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জানান, সকালে ৫০ থেকে ৬০ জন সুসংগঠিত যুবক ব্যানার নিয়ে তাঁর বাসার সামনে জড়ো হয়ে তীব্র উত্তেজনামূলক স্লোগান দিতে শুরু করে। একপর্যায়ে তারা বাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছোড়ে এবং ভাঙচুর চালায়। হামলাকারীরা জাতীয় পার্টি প্রধানকে ‘ভারতের দালাল’ হিসেবে উল্লেখ করে কটু স্লোগান দেয় এবং তাঁর অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, একদল তরুণ জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনের সামনে ‘ডাইরেক্ট অ্যাকশন’ ও নানা রাজনৈতিক স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করছে। তাদের হাতে বেশ কিছু ব্যানার ও প্ল্যাকার্ডও দেখা যায়।
পরবর্তীতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: