দিরাইয়ে চিকিৎসাধীন যুবকের ওপর ফের হামলা, হাসপাতাল ভাঙচুর

দিরাইয়ে চিকিৎসাধীন যুবকের ওপর ফের হামলা, হাসপাতাল ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি,দিরাই

১৬/১০/২০২৬ ২১:২৫:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত এক যুবক দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ফের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।  এ সময় হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালানো হয় এবং সরকারি চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সাকিতপুর গ্রামের মোক্তার চৌধুরীর বাঁশ কাটতে যান একই গ্রামের জীবু চৌধুরী নামে এক যুবক। এ সময় তাঁকে বাধা দেন জাহাঙ্গীর নামে আরেক ব্যক্তি। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে জীবু চৌধুরী গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অভিযোগ রয়েছে, ঘটনার খবর পেয়ে জাহাঙ্গীরের ভাই আনহার সরদার তাঁর সহযোগীদের নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। এ সময় জরুরি বিভাগে চিকিৎসাধীন জীবু চৌধুরীর ওপর তাঁরা পুনরায় হামলা চালান। হামলার ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে সেখানে থাকা বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় জরুরি বিভাগের একটি ইসিজি (ইসিজি) মেশিন, পানির কল, ওজন পরিমাপক যন্ত্র এবং রোগীদের চিকিৎসাসেবায় ব্যবহৃত একাধিক বিছানা ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার বিষয়ে দিরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার জানান, সাকিতপুর গ্রামের সংঘর্ষে আহত এক ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিলেন।  এ অবস্থায় প্রতিপক্ষের লোকজন অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। এতে হাসপাতালের ইসিজি মেশিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনার খবর পেয়ে দিরাই থানা-পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জরুরি বিভাগে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতাল প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিরাই থানা-পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আয়মান মিয়া/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad