কাষ্টঘরে হৃদয় হত্যা মামলায় ৩ আসামীকে নরসিংদী থেকে গ্রেপ্তার

কাষ্টঘরে হৃদয় হত্যা মামলায় ৩ আসামীকে নরসিংদী থেকে গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/১০/২০২৬ ২২:২৫:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীতে হৃদয় হরিজন (৩৩) হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা মোড়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিলেটের বালাগঞ্জ থানার নূরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ইমন আহমেদ (২৬), জালালাবাদ থানার বলাউড়া গ্রামের মো. হরুফ আলী মিয়ার ছেলে রুমান আহমদ সাজ্জাদ (২৫) এবং একই থানার সোনাতলা গ্রামের নুর মিয়ার ছেলে পারভেজ (২২)। তাঁরা মামলার এজাহারভুক্ত ২, ৩ ও ৪ নম্বর আসামি।

পুলিশ জানিয়েছে, মামলার ১ নম্বর আসামিসহ অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ কমিশনার বলেন, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে ভিডিও ধারণে নিষেধ করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে রাত আনুমানিক ৮টার দিকে সিলেটের কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর সুইপার কলোনি সংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় হৃদয় হরিজনকে ধারালো চাকু দিয়ে গুরুতর জখম করে।

গুরুতর আহত হৃদয়কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১৯, তারিখ-১২/১০/২০২৬ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।

পুলিশ জানায়, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৭টার দিকে নরসিংদীর মাধবদী থানাধীন পাঁচদোনা মোড় থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তার ইমন আহমেদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রুমান আহমদ সাজ্জাদের বিরুদ্ধে চুরির দুটি মামলা ও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পারভেজের বিরুদ্ধে চুরির পাঁচটি মামলার তথ্য জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad