কনেপক্ষের ১০ লাখ টাকার ক্ষতি দাবি
প্রথম স্ত্রীর অভিযোগে মৌলভীবাজারে আমেরিকা প্রবাসীর দ্বিতীয় বিয়ে পণ্ড
প্রথম বিয়ের তথ্য গোপন রেখে দ্বিতীয় বিয়ের আয়োজন করার অভিযোগে মৌলভীবাজারে এক আমেরিকা প্রবাসীর বিয়ে শেষ মুহূর্তে পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় কনেপক্ষ চরম আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
ঘটনা সূত্রে জানা যায়, অভিযুক্ত বর সৈয়দ কাওছার আলী (৪৫) মৌলভীবাজারের রাজনগর উপজেলার ধাইসার গ্রামের সৈয়দ চেরাগ আলীর ছেলে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার (১৬ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলার নালিহুরী গ্রামের এক তরুণীর সঙ্গে একটি কমিউনিটি সেন্টারে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে বিয়ের ঠিক আগমুহূর্তে তাঁর প্রথম বিয়ের খবর প্রকাশ পাওয়ায় অনুষ্ঠান বাতিল হয়ে যায়।
বরের যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়ের খবর পেয়ে বাংলাদেশে চলে আসেন। তিনি বিয়ের আগের দিন মৌলভীবাজার মডেল থানায় উপস্থিত হয়ে স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে প্রথম বিয়ের তথ্য গোপন রাখা, হুমকি-ধামকি প্রদান এবং বৈবাহিক সম্পর্ক বহাল থাকা সত্ত্বেও পুনরায় বিয়ের চেষ্টার অভিযোগে একটি লিখিত আবেদন ও সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিয়ের আনুষ্ঠানিকতা ভেস্তে যাওয়ায় বিপাকে পড়েছে কনেপক্ষ। কনের বাবা আব্দুল ওয়াহিদ মৌলভীবাজার মডেল থানায় বর সৈয়দ কাওছার আলী ও তাঁর বড় ভাই সৈয়দ সাহাদাত আলীর বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগে আরেকটি লিখিত আবেদন জানান। কনেপক্ষের দাবি, বরপক্ষ প্রথম বিয়ের তথ্য গোপন রেখে তাদের সঙ্গে প্রতারণা করেছে। আয়োজনের পেছনে তাদের প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং পরিবারটি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছে।
অন্যদিকে, বরপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, আমেরিকার আদালতের মাধ্যমে প্রথম স্ত্রীর সঙ্গে আইনগতভাবে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) সম্পন্ন হয়েছে এবং বিষয়টি কনেপক্ষকে পূর্বেই জানানো হয়েছিল।
মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানায়, প্রবাসীর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের আদালতের ডিভোর্সের নথিপত্র থানায় জমা দেওয়া হয়েছে। প্রথম স্ত্রীর দায়ের করা জিডি এবং উভয় পক্ষের লিখিত অভিযোগসহ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে আইনগত তদন্ত প্রক্রিয়া বজায় রয়েছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: