নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি) শাখার সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, প্রমার বিরুদ্ধে সরকারবিরোধী অপতৎপরতা এবং গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।
তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় প্রমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, ২০২৩ সালের ১১ এপ্রিল তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হন প্রমা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আড়ালে চলে যান তিনি। জনসম্মুখে না এলেও গোপনে সরকারবিরোধী অপতৎপরতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করা হয়। বর্তমানে এর নাম ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি)। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: