আজ দেশে গণতন্ত্র আছে বলেই কথা বলতে পারছেন: রিজভী

আজ দেশে গণতন্ত্র আছে বলেই কথা বলতে পারছেন: রিজভী

প্রথম ডেস্ক

১৫/১০/২০২৬ ১৬:১৭:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসন ও দমন-পীড়নের স্মৃতি মনে করিয়ে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত বছরগুলোতে বিরোধী দলের নেতাকর্মীরা স্বাধীনভাবে কথা বলতে পারেননি। আজ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলেই রাজনৈতিক দলগুলো রাজপথে বক্তব্য রাখতে পারছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার দোহারের জয়পাড়া ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রতিবাদে আয়োজিত আন্দোলন ও লংমার্চ কর্মসূচির সমালোচনা করে রুহুল কবির রিজভী প্রশ্ন তুলে বলেন, 'আপনারা কিসের জন্য লংমার্চ করছেন? বিগত ১৭ বছর আপনাদের তো কোনো নেতাকর্মী গ্রেপ্তার হয়নি, কথা বলতে বাধা দেওয়া হয়নি। অথচ আমরা বিএনপি একটি বাক্যও উচ্চারণ করতে পারিনি। আজ গণতন্ত্র আছে বলেই আপনারা আন্দোলন করছেন।'

বিশ্বব্যাপী অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট বিদ্যুৎ সংকটের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক বাজারে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যা থেকে দেশও মুক্ত নয়। লংমার্চ যারা করছেন, তারা বলুন- বিদ্যুৎ কীভাবে এবং কোথা থেকে আনা যায়? সরকার নিশ্চুপ বসে নেই; তারা দ্রুতই বিকল্প দেশ থেকে জ্বালানি সংগ্রহের জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।'

জুলাই গণঅভ্যুত্থান স্মরণ করে রিজভী বলেন, 'জুলাই আন্দোলনের যোদ্ধারা এ দেশের সম্পদ। তাদের আত্মত্যাগের মাধ্যমেই স্বৈরশাসন ও ফ্যাসিবাদের পতন ঘটেছে, দেশে আবার জনগণের অধিকার ও গণতন্ত্রের সূর্য উদিত হয়েছে। তবে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে নতুন করে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিতে না পারে। এজন্য দেশের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ জয়পাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad