সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে দেওয়া এক শোকবার্তায় তারেক রহমান বলেন, ‘সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন সাহসী যোদ্ধা ও নির্ভীক নেতা ছিলেন। দলের কঠিন সময়ে তিনি সাহসিকতা, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’
শোকবার্তায় তিনি আরও বলেন, ‘সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন ও দলীয় অবদান বিএনপির নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাকে হারিয়েছে। এ ক্ষতি দলের জন্য অপূরণীয়।’
তারেক রহমান বলেন, ‘শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য লাভ করতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছি।’
এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
সালাহউদ্দিন আহমেদ ১৯৯১ ও ২০০১ সালে ঢাকা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: