সরকারের সমালোচনা করে হবিগঞ্জে আটক ছাত্রলীগ নেতা
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান সরকারের তীব্র সমালোচনা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে হবিগঞ্জের মাধবপুরে সিরাজুল ইসলাম নামে এক তরুণকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত শুক্রবার (১৬ অক্টোবর) রাতে মাধবপুর উপজেলার চৌমুহনী বাজার এলাকায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
স্থানীয় ও পুলিশি সূত্রে জানা গেছে, চৌমুহনী ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বেশ কিছুদিন এলাকা ছেড়ে আত্মগোপনে থাকা অবস্থায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে নিয়মিত সরকারের সমালোচনা এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ে নিজস্ব মতামত ব্যক্ত করে স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এছাড়া সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের মুক্তির দাবিতেও তিনি পোস্ট দিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি চৌমুহনী বাজারে স্বাভাবিক ব্যবসাবহির্ভূত কাজে যুক্ত হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ।
ঘটনার নিশ্চিত করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইকতার মিয়া বলেন, “আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। অভিযান এখনো শেষ হয়নি, তাই এ মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। তিনি আমাদের হেফাজতে রয়েছেন। পরবর্তী সময়ে সব জানানো হবে।”
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার আওতায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: