হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৫/১০/২০২৬ ২২:৫০:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিজিবির ৫৫ ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৫ বিজিবির দায়িত্বপূর্ণ হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ এলাকায় সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৩টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে থাকা একটি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য দিন-রাত টহল, বিশেষ মোবাইল টিমের কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান পূজামণ্ডপ এবং মাধবপুর উপজেলার ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

পরিদর্শনকালে তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে বিজিবি সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ মোবাইল টিম প্রস্তুত রয়েছে।

বিজিবির পক্ষ থেকে পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সন্দেহজনক কর্মকাণ্ড এবং গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের কোনো ঘটনা নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad