জৈন্তাপুরে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার ছয়টি ইউনিয়নের ২১টি পূজামণ্ডপে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব শেষে বুধবার (২১ অক্টোবর) শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।
বিজয়া দশমী উপলক্ষে পূজামণ্ডপগুলোতে ছিল সিঁদুর খেলা, ঢাকঢোল ও কাঁসর বাজিয়ে আনন্দ-উৎসব। নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে মা দুর্গাকে বিদায় জানান। আগামী বছর আবারও মা দুর্গা সপরিবারে ফিরে আসবেন—এমন প্রত্যাশায় অশ্রুসিক্ত নয়নে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় উৎসবের আনুষ্ঠানিকতা।
বুধবার দুপুর দেড়টায় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেল সাড়ে ৫টার দিকে তা শেষ হয়। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমাগুলো সারি, নয়াগাঙ, শ্রীপুর ও রাংপানি নদীসহ স্থানীয় বিভিন্ন জলাশয় ও পুকুরে বিসর্জন দেওয়া হয়।
প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), থানা পুলিশ, আনসার বাহিনী ও গ্রামপুলিশ দায়িত্ব পালন করে। সংশ্লিষ্টদের সতর্কতা ও সমন্বিত প্রচেষ্টায় কোথাও কোনো ধরনের গোলযোগ বা বিশৃঙ্খলার ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।
দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপজেলার বিভিন্ন পূজা উদ্যাপন পরিষদের নেতারা উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় জানান, উপজেলার সবকটি পূজামণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। সকাল থেকেই উপজেলা প্রশাসনের মনিটরিং টিম বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের পরিস্থিতির খোঁজখবর সংগ্রহে নিয়োজিত ছিল।
শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইউএনও সুনন্দা রায়।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: