নাসার মিশন কন্ট্রোলে প্রথম বাংলাদেশি নারী সিলেটের মাহজাবিন
বিশ্বের শীর্ষ মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) ঐতিহ্যবাহী মিশন কন্ট্রোল সেন্টারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়ে ইতিহাস গড়েছেন সিলেটের মেয়ে মাহজাবিন হক। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অবস্থিত বিখ্যাত 'জনসন স্পেস সেন্টার'-এ (JSC) 'স্পেস সিস্টেম সফটওয়্যার ইঞ্জিনিয়ার' হিসেবে স্থায়ীভাবে কর্মরত রয়েছেন তিনি। অত্যন্ত সংবেদনশীল এই মিশন কন্ট্রোল বিভাগে দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশি নারী সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন মাহজাবিন।
মাহজাবিন হকের পৈতৃক নিবাস সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কদমরসুল গ্রামে হলেও তাঁর শৈশব কেটেছে সিলেট শহরের কাজিটুলায়। পূবালী ব্যাংকের সাবেক কর্মকর্তা সৈয়দ এনামুল হক ও ফেরদৌসী চৌধুরী দম্পতির সন্তান মাহজাবিন উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে মিশিগানের ওয়েইন স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে নাসায় ইন্টার্নশিপের সুযোগ পান তিনি। দুই দফায় নাসার জনসন স্পেস সেন্টারে মোট আট মাস ইন্টার্ন হিসেবে কাজ করেন। প্রথম দফায় ডেটা অ্যানালিস্ট এবং দ্বিতীয় দফায় মিশন কন্ট্রোল সেন্টারে ইন্টার্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) পরিচালনা সংক্রান্ত কারিগরি সহায়তা দলে দায়িত্ব পালন করেন।
ইন্টার্নশিপে তাঁর অসাধারণ পারফরম্যান্স ও নিষ্ঠা দেখে নাসা কর্তৃপক্ষ তাঁকে স্থায়ী স্পেস সিস্টেম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ প্রদান করে।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) খাতে বাংলাদেশি নারীদের বৈশ্বিক অংশগ্রহণে মাহজাবিনের এই সাফল্য এক নতুন মাইলফলক। প্রতিকূলতা পেরিয়ে নিজের মেধা ও কঠোর পরিশ্রমের জোরে শীর্ষপর্যায়ে পৌঁছানোর এই গল্প পুরো বাংলাদেশের জন্য এক অবিস্মরণীয় অহংকার। দেশের উদীয়মান তরুণদের কাছে মাহজাবিন হক আজ এক অনুপ্রেরণার প্রতীক।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: