বড়লেখায় বিরোধ মীমাংসা করতে গিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে পিতা খু/ন
মৌলভীবাজারের বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে আব্দুর রহমান (৬৮) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার ৩ নম্বর নিজ বাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাঙ্গন চাতুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সিলেটের বিয়ানীবাজার উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের মৃত ইশরাক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখার গল্লাসাঙ্গন গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে কাতারপ্রবাসী মুন্না আহমদের সঙ্গে আব্দুর রহমানের এক মেয়ের বিয়ে হয়েছে। মেয়ের শ্বশুরবাড়িতে গাছ বিক্রির টাকা ও জমিজমা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মুন্না আহমদের ভাই ওমর ফারুকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এ বিরোধ মীমাংসার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে আব্দুর রহমান মেয়ের শ্বশুরবাড়িতে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ওমর ফারুক দা দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে স্বজনেরা আব্দুর রহমানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
হিফজুর রহমান/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: