ওসমানীনগরে ফের ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ২
সিলেটের ওসমানীনগরে আবারো ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার সিলেট-ঢাকা মহাসড়কে তিনটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ছয়জন। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে এই এলাকায় সড়ক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবার নতুন করে এই প্রাণহানির ঘটনা ঘটলো।
আজ সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-চ ৭১-২৯৪৯) সঙ্গে সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৫০৫৩) এবং শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার (সুনামগঞ্জ-থ ১১-৪৮৪৪) ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসের যাত্রী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মহামায়া গ্রামের অধিবাসী সুহেল আহমদ (৪৭) ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ও স্থানীয়রা আহত সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খায়রুল ইসলাম (৪৭) নামের আরেকজনকে মৃত ঘোষণা করেন। নিহত খায়রুল চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহনই জব্দ করে থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: