শারদীয় দুর্গোৎসবে দিরাইয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের আহ্বান এমপি নাছির চৌধুরীর
সুনামগঞ্জের দিরাই-শাল্লা অঞ্চলকে চিরন্তন সম্প্রীতির জনপদ উল্লেখ করে আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপনে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। শুক্রবার (৯ অক্টোবর) দিরাই উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সভায় এমপি নাছির চৌধুরী বলেন, "দিরাই-শাল্লা বরাবরই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এ অঞ্চলের ঐতিহ্য বজায় রেখে আমাদের এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে।" তিনি জানান, চিকিৎসাজনিত কারণে তাঁকে শিগগিরই দেশের বাইরে যেতে হবে। তবে যাওয়ার আগেই দুর্গোৎসবের দিনগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলবেন তিনি।
এ সময় প্রতিটি পূজামণ্ডপের জন্য সরকারিভাবে এক টন করে চাল বরাদ্দ নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন সংসদ সদস্য।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকারের সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী,উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার,পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান ও যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার,দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া,উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক মনোজ পুরকায়স্থ ও সদস্য সচিব স্বাধীন চৌধুরী,পৌর পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক বকুল বনিক এবং পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি হরি দেবনাথ।
সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এতে উপস্থিত ছিলেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় দিরাইয়ে একটি আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
আয়মান মিয়া/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: