মৌলভীবাজারে ফ্ল্যাট থেকে পড়ে নারীর রহস্যজনক মৃত্যু,সঙ্গী যুবক আটক
মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকায় একটি চারতলা ভবন থেকে নিচে পড়ে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর সঙ্গে একই ফ্ল্যাটে অবস্থান করা এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। তবে এটি হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা-তা নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উত্তর কলিমাবাদ এলাকার ‘আরজু ভিলা’ নামের চারতলা ভবনে এ ঘটনা ঘটে। ভবনটি লন্ডনপ্রবাসী আরজু মিয়ার ছেলে রাসেল মিয়ার মালিকানাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ভবনটির চারতলা থেকে ওই নারী নিচে পড়ে যান। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, ঘটনার সময় ওই ফ্ল্যাটটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। পাশের বাড়ির বাসিন্দারা ঘরের ভেতর অস্বাভাবিক শব্দ পেয়ে ফোনে বিষয়টি জানানোর পর বাসার দায়িত্বে থাকা ব্যক্তিরা দ্রুত ফিরে আসেন। তবে তাৎক্ষণিকভাবে মৃত নারী কিংবা আটক যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম প্রথম সিলেটকে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে ওই নারী ও যুবক অনলাইন অ্যাপের মাধ্যমে ফার্নিচারসহ ফ্ল্যাটটি সাবলেট/ভাড়া নিয়েছিলেন।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য সঙ্গী যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
কামরান আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: