যে গ্রামে সন্ধ্যা নামলেই নামত অন্ধকার, সেখানে এখন আলোর উৎসব

যে গ্রামে সন্ধ্যা নামলেই নামত অন্ধকার, সেখানে এখন আলোর উৎসব

মো. আয়মান মিয়া, দিরাই প্রতিনিধি

২৮/১১/২০২৬ ১৮:৪৮:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘আগে সন্ধ্যার পর মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় অন্ধকারে পথ চলতে ভয় লাগত। বিশেষ করে আমাদের মতো বয়স্ক মানুষের জন্য রাস্তায় চলাচল ছিল বেশ কষ্টের। এখন রাস্তার দুই পাশে আলো জ্বলতে দেখে মনে হয়, গ্রামটা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।’

কথাগুলো বলছিলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামের প্রবীণ বাসিন্দা আব্দুল সোভান। তাঁর কণ্ঠে স্বস্তি, চোখেমুখে তৃপ্তি। শুধু তিনি নন, দীর্ঘদিনের অন্ধকার পেরিয়ে আলোর দেখা পাওয়া জগদল গ্রামের প্রায় ১০ হাজার মানুষের অনুভূতিও এখন অনেকটা একই রকম।

একসময় সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যেত গ্রামের প্রধান সড়কগুলো। মসজিদে নামাজ আদায়, বাজারে যাওয়া, শিক্ষার্থীদের চলাচল কিংবা জরুরি প্রয়োজনে হাসপাতালে ছুটে যাওয়ার পথ ছিল ভোগান্তির। অথচ সেই অন্ধকার এখন অতীত। যুক্তরাজ্যপ্রবাসীদের অর্থায়ন এবং স্থানীয় তরুণদের সম্মিলিত উদ্যোগে সৌরবাতির আলোয় নতুন রূপ পেয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রাম।

সম্প্রতি প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে গ্রামের প্রধান সড়ক ও কবরস্থান এলাকায় স্থাপন করা হয়েছে ৩৮টি সৌরচালিত স্ট্রিট লাইট। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে একে একে জ্বলে ওঠে বাতিগুলো। আলো ছড়িয়ে পড়ে গ্রামের পথে-প্রান্তরে। বদলে যায় রাতের চেনা দৃশ্যপট। মানুষের চলাচলে ফিরে আসে স্বস্তি, নিরাপত্তা ও স্বাভাবিকতা।

জগদল ইউনিয়নের অন্যতম বৃহৎ ও অগ্রসর গ্রাম জগদল। প্রায় ১০ হাজার মানুষের বসবাস এই জনপদে। গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত প্রায় তিন কিলোমিটার সড়কের দুই পাশে রয়েছে পাঁচটি মসজিদ, দুটি মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার এবং ২৫ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল। শিক্ষিত মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছেন অসংখ্য প্রবাসী।

এত গুরুত্বপূর্ণ একটি জনপদে দীর্ঘদিন ধরে রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না। বিদ্যুৎ সংযোগ থাকলেও গ্রামের প্রধান সড়কগুলো সন্ধ্যার পর ডুবে থাকত ঘুটঘুটে অন্ধকারে। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেন মুসল্লি, শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক মানুষ ও জরুরি প্রয়োজনে চলাচলকারী রোগীর স্বজনেরা।

দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে অবশেষে এগিয়ে আসেন গ্রামের কয়েকজন তরুণ। তাঁদের উদ্যোগে সাড়া দেন যুক্তরাজ্যে বসবাসরত জগদলের প্রবাসীরা। জন্মভূমির প্রতি ভালোবাসা আর মানুষের দুর্ভোগ লাঘবের প্রত্যয়ে সম্মিলিতভাবে অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগের বাস্তব প্রতিফলন এখন জগদলের আলোকিত সড়কগুলো।

এই উদ্যোগের সঙ্গে যুক্ত যুক্তরাজ্যপ্রবাসী আফজল হোসেন বলেন, ‘জগদল গ্রামেই আমাদের বেড়ে ওঠা। এই গ্রামের মাটি, মানুষ ও স্মৃতির সঙ্গে আমাদের গভীর সম্পর্ক। প্রবাসে থাকলেও গ্রামের প্রতি আমাদের সবার আলাদা টান রয়েছে। দীর্ঘদিন ধরে দেখেছি, সন্ধ্যার পর গ্রামের প্রধান সড়কগুলো অন্ধকারে ডুবে থাকে। পাঁচটি মসজিদ, দুটি মাদ্রাসা, স্কুল-কলেজ, বাজার ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতেও পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না।’

তিনি বলেন, ‘বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে। পরে যুক্তরাজ্যে বসবাসরত জগদলীয়ানরা সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে সড়কগুলোতে সৌরবাতি স্থাপনের ব্যবস্থা করি। প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে ৩৮টি বাতি স্থাপন করা হয়েছে। এখন আমাদের প্রিয় গ্রাম নিজস্ব আলোয় আলোকিত। গ্রামের মানুষের মুখে স্বস্তি ও আনন্দ দেখতে পেয়ে আমরা সত্যিই আনন্দিত।’

প্রবাসীদের এই উদ্যোগ যেন দূরদেশে থেকেও শেকড়কে আঁকড়ে ধরে রাখার এক অনন্য গল্প। হাজার মাইল দূরে থেকেও গ্রামের মানুষের প্রয়োজন অনুভব করা এবং সেই প্রয়োজন পূরণে এগিয়ে আসা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

স্থানীয় তরুণ রুহুল আমীন, আব্দুল মুক্তাদির, সহিবুর রহমান ও হুমায়ুন রশিদ বলেন, গ্রামের উন্নয়নে প্রবাসীদের এই উদ্যোগ তাঁদের জন্য অনুপ্রেরণার। দীর্ঘদিন ধরে জগদলের রাস্তাঘাট রাতের বেলায় অন্ধকারে থাকায় বিশেষ করে মসজিদে যাতায়াতকারী মুসল্লি, শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে নানা সমস্যায় পড়তে হতো। প্রবাসীরা এগিয়ে আসায় আজ সেই সমস্যার সমাধান হয়েছে।

তাঁরা বলেন, ‘দল-মত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে গ্রামের মানুষের কল্যাণে সবাই একসঙ্গে কাজ করলে যে ইতিবাচক পরিবর্তন সম্ভব, জগদলের এই উদ্যোগ তারই দৃষ্টান্ত। আমরা যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সব জগদলীয়ানের প্রতি কৃতজ্ঞ।’

জগদল বাজারের অন্বেষা মুক্ত চিন্তা বিকাশ কেন্দ্রের সদস্য আফজাল হোসেন বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাই যুক্তরাজ্যপ্রবাসী জগদলীয়ান ভাইদের। তাঁদের আন্তরিকতা ও সম্মিলিত উদ্যোগে গ্রামটি আজ আলোকিত হয়েছে। এটি শুধু সড়কে বাতি স্থাপনের উদ্যোগ নয়, বরং গ্রামের প্রতি প্রবাসীদের ভালোবাসা ও দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ।’

তিনি আশা প্রকাশ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জগদলীয়ানরা যুক্তরাজ্যপ্রবাসীদের মতো গ্রামের উন্নয়নে এগিয়ে আসবেন। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে জগদলকে আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

গ্রামের পল্লী চিকিৎসক বজলুর নুর বলেন, ‘জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদের অপেক্ষায় বসে থাকলে হয়তো জগদল গ্রাম আজও অন্ধকারেই থাকত। গ্রামের তরুণ ও প্রবাসীরা নিজেদের উদ্যোগে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রশংসনীয়।’

তিনি মনে করেন, জগদলের এই ঐক্য ও উদ্যোগ রাজনৈতিক নেতাদেরও ভাবিয়ে তুলবে। একইভাবে উন্নয়নবঞ্চিত অন্যান্য এলাকার মানুষের প্রয়োজনেও জনপ্রতিনিধিরা এগিয়ে আসবেন—এটাই তাঁদের প্রত্যাশা।

জগদলের এই উদ্যোগ হয়তো কেবল ৩৮টি সৌরবাতি স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে একটি গ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, প্রবাসীদের শেকড়ের প্রতি ভালোবাসা এবং তরুণদের ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন।

এ উদ্যোগ দেখিয়ে দিয়েছে, একটি জনপদের পরিবর্তনের জন্য সব সময় বড় কোনো বরাদ্দ কিংবা সরকারি প্রকল্পের অপেক্ষায় থাকতে হয় না। সদিচ্ছা, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টাও পারে মানুষের জীবনযাত্রায় দৃশ্যমান পরিবর্তন আনতে।

জগদলের রাত এখন আর আগের মতো অন্ধকার নয়। সড়কের পাশে জ্বলে ওঠা প্রতিটি বাতি যেন শুধু পথই আলোকিত করছে না, ছড়িয়ে দিচ্ছে ঐক্য, মানবিকতা ও সম্ভাবনার বার্তাও।

এই আলো দীর্ঘস্থায়ী হোক। আর জগদলের মতো দেশের প্রতিটি গ্রামেই জেগে উঠুক এমন সম্মিলিত উদ্যোগের প্রত্যাশা।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad