সুনামগঞ্জে হাওর-নদী ধ্বংসের বিরুদ্ধে সংগঠিত হওয়ার ডাক
অপরিকল্পিত উন্নয়ন, নদী দখল-দূষণ, অবৈধ বালু-পাথর উত্তোলন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে অস্তিত্বের সংকটে পড়ছে সুনামগঞ্জের হাওর, নদী ও প্রাকৃতিক পরিবেশ। এই সংকট মোকাবিলায় শুধু আলোচনা কিংবা বিচ্ছিন্ন প্রতিবাদ নয়, প্রয়োজন সংগঠিত জনমত, শক্তিশালী সাংগঠনিক ভিত্তি এবং ধারাবাহিক সামাজিক আন্দোলন। হাওর-নদী ও পরিবেশ রক্ষায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করার আহ্বান জানিয়েছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে ‘হাওর, নদী, সবুজ বাঁচলে আমরা বাঁচি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জ জেলা শাখা সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে এ সভার আয়োজন করে।
সভায় সংগঠনের উপদেষ্টা পরিষদ, জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। দুই পর্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শীলা রায়। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. রাজু আহমেদ।
সভায় সংগঠনের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা, চলমান কার্যক্রমের মূল্যায়ন, জেলা ও উপজেলা কমিটির মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাংগঠনিক বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর মহিবুল ইসলাম, চিত্তরঞ্জন তালুকদার, কুমার সৌরভ, মুর্শেদ আলম, সাংবাদিক পঙ্কজ দে, সঞ্চিতা চৌধুরী, অ্যাডভোকেট রুহুল তুহীন ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান। এ ছাড়া তাহিরপুর উপজেলা কমিটির উপদেষ্টা আবুল হোসেন এবং দোয়ারাবাজার উপজেলা কমিটির উপদেষ্টা আব্দুল আউয়াল বক্তব্য দেন।
স্বাগত বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি মুজাহিদুল ইসলাম মজনু। বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি শাহ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান, ইজাজুল হক চৌধুরী নাছিম, শাহ মোশাহিদ আলম ফয়সল, দপ্তর সম্পাদক আকিব জাবেদ, প্রচার সম্পাদক মোশফিকুর রহমান স্বপন ও সদস্য মুন্না চৌধুরী।
উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন ছাতক উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন তালুকদার, দোয়ারাবাজার উপজেলা কমিটির সভাপতি হোসাইন মো. এমরাজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হাসান, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রেদুয়ান, জগন্নাথপুর উপজেলা কমিটির সহসভাপতি শাহাজান মিয়া, দিরাই উপজেলা কমিটির সভাপতি বদরুজ্জামান বদরুল, সহসভাপতি ফরিদ আহমদ ও সাধারণ সম্পাদক মামুন আহমদ।
এ ছাড়া শাল্লা উপজেলা কমিটির সভাপতি ইমামুল হক ও সাধারণ সম্পাদক তারেক মিয়া, ধর্মপাশা উপজেলা কমিটির সভাপতি শাহ কুতুব ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন, তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হাসান খান, মধ্যনগর উপজেলা কমিটির সভাপতি আসরাফ উদ্দিন হিল্লোল ও সাধারণ সম্পাদক বিদ্যা মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি জিয়াউর রহমান ও সহসভাপতি বাহা উদ্দিন, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ইনসান আহমেদ মনির এবং সদর উপজেলা কমিটির সভাপতি ইবাল হোসেন ও সাধারণ সম্পাদক মছিহুর রহমান রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, সুনামগঞ্জের হাওর ও নদ-নদী কেবল প্রাকৃতিক সম্পদ নয়, এগুলো এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য, যোগাযোগব্যবস্থা ও স্থানীয় অর্থনীতি অনেকাংশেই হাওর-নদীর ওপর নির্ভরশীল। এসব জলাভূমি ও নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে কৃষি উৎপাদন, বোরো ফসলের নিরাপত্তা, মাছের প্রজনন এবং সামগ্রিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তাঁরা আরও বলেন, নদী দখল, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা নিতে হবে। পাশাপাশি পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় জনগণকে সচেতন ও সংগঠিত করতে হবে। সংকট তৈরি হওয়ার পর প্রতিবাদে সীমাবদ্ধ না থেকে আগাম প্রতিরোধ, নিয়মিত পর্যবেক্ষণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিকভাবে সোচ্চার থাকা জরুরি।
সভায় উপদেষ্টামণ্ডলীর অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগিয়ে আন্দোলনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা ও উপজেলা কমিটির মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং হাওর-নদী রক্ষার দাবিতে সম্মিলিত উদ্যোগ জোরদার করার আহ্বান জানান বক্তারা।
তাঁরা বলেন, হাওর-নদী ধ্বংস হলে শুধু পরিবেশের ভারসাম্য নষ্ট হবে না, বিপন্ন হবে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্ম। তাই হাওর, নদী ও সবুজ প্রকৃতি রক্ষার আন্দোলনকে দল-মতনির্বিশেষে সবার সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।
প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: