বিজিবির কঠোর নিরাপত্তায় ২৩০ চা বাগানে শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বাচাশ্রই) ত্রিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তবর্তী চা বাগান এলাকার ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের পাঁচ জেলার ২৩০টি চা বাগানে একযোগে বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত চা বাগান এলাকার ভোটকেন্দ্রগুলোতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, অবৈধ অনুপ্রবেশ কিংবা আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রোধে বিজিবি সদস্যরা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী মাধবপুর ও চুনারুঘাট উপজেলা এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চা বাগান এলাকার ভোটকেন্দ্রগুলোতে এই বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নির্বাচন নির্বিঘ্ন করতে সীমান্তবর্তী চা বাগানগুলোতে নিয়মিত টহল, পর্যবেক্ষণ এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তের নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে চা শ্রমিকরা যেন শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করছে ৫৫ বিজিবি।
বিজিবি জানায়, এখন পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ চলাকালীন এবং পরবর্তীতে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় এই সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।
বার্তা প্রেরক।
রাজীব দেব রায় রাজু।
মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি।
01724 878145.
01714 636 691
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: