জৈন্তাপুরে চিহ্নিত মানব পাচারকারী আটক করল ১৯ বিজিবি

জৈন্তাপুরে চিহ্নিত মানব পাচারকারী আটক করল ১৯ বিজিবি

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২৯/১১/২০২৬ ০০:২৯:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত এক মানব পাচারকারীকে আটক করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কালিঞ্জি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ কিবরিয়া (২৭)। তিনি জৈন্তাপুর উপজেলার নয়াখেল উত্তর গ্রামের জমির উদ্দিনের ছেলে।

১৯ বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও চিহ্নিত মানব পাচারকারী হিসেবে পরিচিত কিবরিয়ার অবস্থান সম্পর্কে গোপন তথ্য পায় বিজিবি। এর ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ লালাখাল বিওপির একটি টহলদল তাকে আটকের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। প্রায় চার ঘণ্টা নজরদারি ও অভিযান শেষে বাংলাদেশের অভ্যন্তরে কালিঞ্জি নামক স্থান থেকে তাকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

এ সময় আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি স্মার্টফোন, একটি বাংলাদেশি মোবাইল সিম, একটি ভারতীয় মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র ও নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সোহেল আলম, পিবিজিএম জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মানব পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad