গোলাপগঞ্জের ৩-৪টি বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করবে রোটারি ক্লাব
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার তিন থেকে চারটি বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল। পাশাপাশি আগামী রমজান মাসে ধর্ম-বর্ণনির্বিশেষে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের পরিকল্পনাও গ্রহণ করেছে সংগঠনটি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত ক্লাবের ২৭৬তম সাপ্তাহিক সভায় এসব পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আইপিপি ও প্রেসিডেন্ট মো. বাহার উদ্দিন।
প্রেসিডেন্টের কল টু অর্ডারের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইলেক্ট প্রেসিডেন্ট (২০২৭-২৮) মো. কাউছার উদ্দিন। রোটারি ইনভোকেশন পাঠ করেন পিপি ও ক্লাব ইমেজ চেয়ার মুসা রহমান (রাসেল)। শুভেচ্ছা বক্তব্য দেন পিপি ও ক্লাব ফাউন্ডেশন চেয়ার জিন্নুন আহমেদ চৌধুরী।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পিপি ও ডি-৬৫-এর ডেপুটি কো-অর্ডিনেটর হাসান কবির চৌধুরী। তিনি ক্লাবের বিগত দিনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, ইতিমধ্যে গোলাপগঞ্জ উপজেলায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসচেতনতা ও ক্লাবের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে পাবলিক ইমেজ বিলবোর্ড স্থাপন করা হয়েছে। পূর্ববর্তী প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় উপজেলার তিন থেকে চারটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা প্রয়োজন। এ ছাড়া আগামী রমজানে ধর্ম-বর্ণনির্বিশেষে অসহায় পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া একটি মানবিক ও প্রশংসনীয় কার্যক্রম হবে।
সভায় ক্লাবের সেক্রেটারি রবীন্দ্র রায় বিগত প্রকল্পগুলোর আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। তিনি ক্লাবের সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সদস্যদের প্রতি আহ্বান জানান।
এ সময় ক্লাবের মেম্বারশিপ চেয়ার তাহমিনা হাসান চৌধুরী, রোটারিয়ান আব্দুল আহাদ ও রোটারিয়ান নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সদস্যরা প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়নে সম্মতি প্রকাশ করেন।
ইলেক্ট প্রেসিডেন্ট মো. কাউছার উদ্দিন তাঁর ২০২৭-২৮ মেয়াদের দায়িত্বকালেও ক্লাবের চলমান সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে মো. বাহার উদ্দিন ক্লাবের সব সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সভার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন।
হাসান কবির চৌধুরী / নীরব চাকলাদার/ প্রসি- ২০২৬
মন্তব্য করুন: