মৌলভীবাজারে স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত ‘স্কুল ফিডিং’ (মিড-ডে মিল) কর্মসূচিতে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা ও নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ উঠেছে। সরকারের পুষ্টিকর খাবার সরবরাহের মহৎ উদ্যোগটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে ভেস্তে যেতে বসেছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের বদলে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাবার সরবরাহ করায় কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, শ্রীমঙ্গল উপজেলার ১৩৮টি বিদ্যালয়ে খাবার সরবরাহের দায়িত্বে থাকা কুলাউড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ইসলাম ট্রেডার্স’ শুরু থেকেই নিম্নমানের বন রুটি, নষ্ট সেদ্ধ ডিম, দুর্গন্ধযুক্ত দুধ ও কাঁচা কলা সরবরাহ করছে। এমনকি অনেক বন রুটির প্যাকেটে উৎপাদন বা মেয়াদের তারিখ নেই এবং রুটির ভেতরে চুল পাওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে। শ্রীমঙ্গলের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানান, নির্ধারিত রুটিন অনুযায়ী দুধ-বিস্কুট বা ডিম-রুটি দেওয়ার কথা থাকলেও প্রায়ই শুধু একটি আইটেম দেওয়া হচ্ছে। আবার অনেক সময় স্কুল ছুটির পর বিকেলে খাবার পৌঁছানোয় তা অপচয় হচ্ছে। চরম অব্যবস্থাপনার মাঝে গত ১ মে থেকে কোনো কারণ ছাড়াই ওই ঠিকাদারি প্রতিষ্ঠান খাবার সরবরাহ বন্ধ রেখেছে।
সরেজমিনে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা মিড-ডে মিল না পেয়ে পাশের দোকান থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে খাচ্ছে। অনেক প্রধান শিক্ষক নষ্ট ডিম ও দুর্গন্ধযুক্ত দুধ ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। ১৯২ জন শিক্ষার্থীর বিপরীতে ১৬৫ জনের খাবার দেওয়ার মতো ঘটনাও নিয়মিত ঘটছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সাইফুর রহমান সমস্যার কথা স্বীকার করে জানিয়েছেন, ফ্যাক্টরির সমস্যার কারণে বর্তমানে সরবরাহ বন্ধ রয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, তিনি একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, তিনি ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার নির্দেশ দিয়েছেন। সরকারের এই বিপুল বাজেটের প্রকল্পে এমন দুর্নীতির ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও সচেতন মহল অবিলম্বে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং মানসম্মত খাবার নিশ্চিতের দাবি জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: