বিমানবন্দর থেকেই ফেরত
জ্যামাইকা যাওয়া হলো না হবিগঞ্জের সাবেক সমন্বয়ক মাহদীর
জ্যামাইকা যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে নির্ধারিত ফ্লাইটে জ্যামাইকা যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি।
মাহদীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ভ্রমণ ভিসায় জ্যামাইকা যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে প্রবেশ করেন। তবে এরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটকিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেন। প্রায় ছয় ঘণ্টা পর রাত ১১টা ৪০ মিনিটের দিকে তাকে বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হয়।
পরিবারের সদস্যদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাহদী হাসানকে আটকে রাখার কারণ হিসেবে জানিয়েছে—তার বিদেশযাত্রার অনুমোদন নেই। একই সঙ্গে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তার পাসপোর্ট ‘ব্লক’ করে রাখা হয়েছে বলেও জানানো হয়।
তবে বিস্ময়কর বিষয় হলো, মাহদী হাসানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা কিংবা তার পাসপোর্ট ‘ব্লক’ করা সংক্রান্ত কোনো লিখিত সরকারি আদেশ বা অফিশিয়াল নথি পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জানতে হবিগঞ্জ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছিল মাহদী হাসানকে। সর্বশেষ গত ১৭ আগস্ট হবিগঞ্জ শহরে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নেওয়ার সময় তাকে আটক করা হয়। পরে প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারত থেকে দেশে ফেরার সময়ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তাকে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: