শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই:রাশেদ খান
শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি বলেছেন, তার দেশে ফেরার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, তার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। একজন মানুষ এত বোকা হতে পারেন না যে, যার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করে রাখা হয়েছে, আর তিনি দেশে ফিরে সেই দড়িতে ঝুলবেন। শেখ হাসিনা এত বোকা না।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ প্রসঙ্গে তিনি বলেন, আবরারের খুনিদের আইনজীবী ছিলেন শিশির মনির, যিনি জামায়াতের একজন পরিচিত আইনজীবী। তিনি যখন ফাহাদের হত্যার আসামিদের আইনজীবী হন, তখন শিবির কোন লজ্জায় রাজপথে কর্মসূচি করে? জুলাইয়ের সময় শিশির মনিররা রাজপথে নামেননি। শিশির মনির ফাহাদের হত্যার আসামিদের আইনজীবী হওয়ায় জামায়াত কী ব্যবস্থা নিয়েছিল, সে প্রশ্নও তোলেন তিনি।
রাশেদ খান আরও বলেন, দ্বিচারী রাজনীতি জামায়াত-শিবিরের স্বভাব। জামায়াত যদি আবরার ফাহাদকে ধারণ করে, তাহলে শিশির মনিরকে ধারণ করতে পারে না। তাকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি জানান তিনি।
এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: