সিলেট সীমান্তে ১ কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় এয়ারগান, মদ, ঔষধসহ প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৮ বিজিবির একাধিক বিশেষ অপারেশন দল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, সংগ্রাম ও বিছনাকান্দি এবং জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় ফলের ক্যারেটে করে একটি ডিআই পিকআপে লুকিয়ে রাখা ১৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া অপর একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামালও আটক করা হয়।জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক, বিজিওএম বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। আটককৃত চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাইফুল ইসলাম বাবু / পূজা বাড়াইক-প্রসি-26
মন্তব্য করুন: