পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সিলেটের ডিসির হুশিয়ারি!
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিলেটের প্রতিটি পূজামণ্ডপে নিছিদ্র নিরাপত্তা নিশ্চিতে কঠোর ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেছে জেলা প্রশাসন। আতশবাজি ফোটানো থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব ছড়ানোর বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন এসব কড়া বার্তা দেন।
সভায় জেলা প্রশাসক স্পষ্ট জানিয়ে দেন, পূজামণ্ডপে এমন কোনো ধরনের আতশবাজি বা গোলযোগপূর্ণ কার্যক্রম করা যাবে না, যাতে দর্শনার্থী কিংবা স্থানীয় অধিবাসীদের বিরক্তি বা উদ্বেগের কারণ ঘটে। একই সঙ্গে পূজা কেন্দ্র করে কোনো অপশক্তি গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই করতে হবে। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না; গুজবকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, আনসার ও পুলিশের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন এবং একটি নির্দিষ্ট ‘ডিউটি রেজিস্টার’ সংরক্ষণের নির্দেশ দেন ডিসি। নির্বিঘ্নে পূজা উদযাপনে মণ্ডপগুলোতে সার্বক্ষণিক বিদ্যুৎ সংযোগ এবং বিকল্প হিসেবে জেনারেটর প্রস্তুত রাখার তাগিদ দেওয়া হয়।
প্রতিটি উপজেলায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু, ভিজিল্যান্স টিম গঠন ও প্রশাসনিক মনিটরিং টিম সক্রিয় থাকবে বলে জানান তিনি।
প্রতিমা বিসর্জনের নির্দিষ্ট সময়সূচি কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন সিলেট মহানগর এলাকায় রাত ৯টা এবং জেলার অন্যান্য উপজেলায় সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিগুলোকে নির্দেশ দেন।
সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জেলা প্রশাসনের উর্ধ্বোতন কর্মকর্তা এবং জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: