অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার দুর্দান্ত সেঞ্চুরি, রেকর্ডবুক তোলপাড়
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে সেই পরিস্থিতি থেকে দলকে টেনে তুলেছেন সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজনের রেকর্ড জুটিতে ভর করে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়েছেন সোবহানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই প্রথম সেঞ্চুরি। পরে দেশের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও নিজের করে নেন সোবহানা। ১৩৪ বলে ১১৮ রানের ইনিংস খেলেন সোবহানা। নারী ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এটিই সর্বোচ্চ ইনিংস।
রোববার (১১ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোবহানা ১৩৪ বলে ১১৮ রান করেন। নারী ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এটিই সর্বোচ্চ ইনিংস।
অন্য প্রান্তে অধিনায়ক জ্যোতি ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। চতুর্থ উইকেটে তাদের ১৯৫ রানের জুটিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২২১ রান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ ওভারে মেগান শাটের বলে উইকেটরক্ষক বেথ মুনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফারজানা হক। ১৩ বল খেলেও রান করতে পারেননি তিনি। ষষ্ঠ ওভারের শেষ বলে কিম গার্থের শিকার হন শারমিন সুলতানা। পরের ওভারে শাট বোল্ড করেন শারমিন আক্তারকে। ৭.২ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৮ রান।
এমন পরিস্থিতিতে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন সোবহানা ও জ্যোতি। অস্ট্রেলিয়ার পেসারদের সামলে একদিকে উইকেট ধরে রাখেন অধিনায়ক, অন্যদিকে সুযোগ পেলেই বাউন্ডারি মেরে রান বাড়াতে থাকেন সোবহানা।
৬৬ বলে নিজের চতুর্থ ওয়ানডে ফিফটি পূর্ণ করেন সোবহানা। লেগ স্পিনার অ্যালানা কিংয়ের এক ওভারে দুটি চার মেরে অর্ধশতকে পৌঁছান তিনি। এরপর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এই ব্যাটার। অন্যদিকে ৯৭ বলে ফিফটি পূর্ণ করেন জ্যোতি। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে ম্যাচে ফেরে বাংলাদেশ।
অ্যানাবেল সাদারল্যান্ডের বলে দ্রুত এক রান নিয়ে ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন ২৪ বছর বয়সী সোবহানা। বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে শতক করা চতুর্থ ক্রিকেটার তিনি।
সেঞ্চুরির পরও রান তোলার গতি কমাননি সোবহানা। শেষ পর্যন্ত ৪৮তম ওভারের পঞ্চম বলে মেগান শাটের নিচু ফুলটসে বোল্ড হন তিনি। ততক্ষণে ১৮টি চারের সাহায্যে ১৩৪ বলে ১১৮ রানের ইনিংস খেলা হয়ে গেছে তার। মাঠ ছাড়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের অভিনন্দনও পান তিনি।এই ইনিংসের মধ্য দিয়ে বাংলাদেশের নারী ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড নিজের করে নিয়েছেন সোবহানা। এর আগে রেকর্ডটি ছিল ফারজানা হকের। ২০২৩ সালে ভারতের বিপক্ষে মিরপুরে ১০৭ রান করেছিলেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়েও বাংলাদেশের নারী ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন সোবহানার ১১৮ রান। এর আগে ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে টি-টোয়েন্টিতে অপরাজিত ১১৩ রান করেছিলেন জ্যোতি।
৪৮তম ওভারে সোবহানার বিদায়ের পর বাংলাদেশের ইনিংসে আবারও কিছুটা ছন্দপতন ঘটে। ২০৩ রানে চতুর্থ উইকেট হারানোর পর শেষ দিকে আরও দুটি উইকেট পড়ে। স্বর্ণা আক্তার করেন ৮ রান, রানআউট হয়ে ফেরেন রিতু মনি। তবে এক প্রান্ত আগলে রেখে ইনিংস শেষ করেন জ্যোতি।
অস্ট্রেলিয়ার হয়ে মেগান শাট ১০ ওভারে ৩৬ রান দিয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন। কিম গার্থ ১০ ওভারে ৩৫ রান দিয়ে পান একটি উইকেট।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: