নতুনদের জন্য আমি লাকি চার্ম
এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় পার করছেন তৌসিফ মাহবুব। নাটকের পাশাপাশি এখন ওয়েবেও ব্যস্ত ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা।
সদ্যই অন্তর্জালে এসেছে তাঁর নতুন নাটক ‘ছুঁয়ে দিলাম তোমায়’। তাঁর সঙ্গে কথা বলেন ইমরুল নূর সদ্যই মুক্তি পেয়েছে ক্যাপিটাল ড্রামার ‘ছুঁয়ে দিলাম তোমায়’। নাটকটি থেকে কেমন সাড়া পাচ্ছেন?
এক দিনে সাড়ে তিন মিলিয়নের মতো ভিউ হয়েছে দেখলাম। দর্শকরা বেশ পছন্দ করছে।বেশির ভাগই ইতিবাচক মন্তব্য। কেউ কেউ অভিনয় নিয়ে মন্তব্য করছে, আবার কেউ গল্পের শেষটার প্রশংসা করছে। যেহেতু একটু ফ্রি ছিলাম, গত রাতে ইউটিউবে নাটকের প্রায় দেড় হাজার কমেন্ট পড়েছি। এখন পর্যন্ত শতভাগ কমেন্টই ইতিবাচক।
একটাও নেতিবাচক কমেন্ট নেই। এর মধ্যে কেউ হয়তো তটিনীর ভক্ত আবার কেউ আমার। এটা সত্যি একটা বড় পাওয়া। দিনশেষে আমরা তো দর্শকের জন্যই কাজ করি। তারা যখন কোনো কাজ দেখে প্রশংসা করে কিংবা নিজেদের মতামত জানায় সেটাই আমাদের আগামী দিনে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।
আগের কাজটার চেয়ে পরের কাজটা কিভাবে আরো ভালো করা যায়, সেটার দিকে সব সময় খেয়াল রাখি।নাটকটিতে তটিনী ছাড়াও আপনার সঙ্গে একজন নবাগতাকে দেখা গেছে...
হ্যাঁ, নীহা চৌধুরী। মডেলিং করে, তবে অভিনয়ে নতুন। কোনো কাজে সহশিল্পী কে থাকবে, সেটা আমার সিদ্ধান্ত থাকে না, পরিচালকের সিদ্ধান্ত। গল্পের প্রয়োজনেই তার আগমন। সম্প্রতি এক ইন্টারভিউয়ে তাকে বলতে শুনলাম, ছোটবেলা থেকে আমার নাটক দেখে বড় হয়েছে। আমার সঙ্গে পর্দা শেয়ার করা নিয়ে নাকি নার্ভাস ফিল করছিল। গল্প নিয়ে যখন কথা হচ্ছিল তখন ওর চরিত্রটা নিয়ে ওর মনে অনেক প্রশ্ন ছিল, চরিত্রটি নেগেটিভ কি না! আশা করি, কাজটি করার পর সে তার উত্তর পেয়ে গেছে। দর্শকের রেসপন্সই সব বলছে।
সাম্প্রতিক সময়ে নতুনদের সঙ্গে বেশ কাজ করতে দেখা যাচ্ছে...ওই যে বললাম, গল্পের প্রয়োজনেই নতুনরা আসে, আর এটা একদমই পরিচালকের সিদ্ধান্ত। এখন যারা নতুন কাজ করতে আসছে বা করছে সে অনুযায়ী আমি তাদের চেয়ে ১২ থেকে ১৪ বছরের সিনিয়র। রোমান্টিক গল্পে কাজ করতে গেলে দুজনের কেমিস্ট্রির একটা ব্যাপার থাকে। সেদিক থেকে আমি কেন, সিনিয়রদের সঙ্গে কাজ করতে গিয়ে নতুনদের অনেকে হয়তো নার্ভাস ফিল করে। চেষ্টা করি তাদের কমফোর্ট ফিল করানোর, যেন তারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। একসময় তটিনী নতুন ছিল, এখন পরিপূর্ণ অভিনেত্রী হয়ে উঠেছে। আমি সব সময় চেষ্টা করি নতুনদের সহযোগিতা করার। আরেকটা বিষয় খেয়াল করলাম, নতুনদের জন্য আমি লাকি চার্ম।
কারণ তাদের অনেকের মতে আমার সঙ্গে কাজ করলে দর্শক ভালোভাবে গ্রহণ করছে, সঙ্গে আলোচনায় আসছে। এটা তাদের অনেকের কাছেই শুনেছি।
এই মুহূর্তে ছুটিতে আছি। তা-ও মাত্র তিন-চার দিনের। টানা ৯০ দিন শুটিং করেছি। এরপর মনে হলো, একটা ছোট্ট ব্রেক নেওয়া দরকার। তারপর স্ত্রীকে নিয়ে সিলেটে ঘুরতে এসেছি। আগামীকালই ঢাকায় ফিরব। ফিরেই আবার শুটিং শুরু করব।ভিকি জাহেদের ওয়েব ফিল্মের শুটিং কবে শুরু হবে?
ঢাকায় ফিরেই ভিকির কাজটা নিয়ে বসব। দুই দিনের মতো সময় আছে, এই কাজটার প্রস্তুতি নিতে হবে, এরপর ১৫ অক্টোবর থেকেই শুটিং শুরু করব। সাত থেকে ১০ দিনের মতো লাগবে এটা শেষ করতে। এরপর আবার এই মাসের শেষের দিকে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং করতে হবে। তিন-চার দিন শুটিং করলেই এবারের মতো সিজনের কাজ শেষ। এটা শেষ করে আবার ভিকির সঙ্গেই ফিরতে হবে, ‘চক্র ৩’-এর শুটিংয়ে। নভেম্বরে এটার শুটিং শুরু করতে হবে, যেহেতু ডিসেম্বরে রিলিজ আগেই ঘোষণা দেওয়া।
নাটকের পর ওটিটিতে এলেন, সফলও হলেন। বড় পর্দায় আপনাকে কবে দেখা যাবে?কোনো কিছুতে তাড়াহুড়া না করাই ভালো। সবাই যখন ওটিটিতে ব্যস্ত আমি তখনো নাটক করছিলাম। তারপর সময় নিয়ে ভালো একটা প্রজেক্টে ওয়েব করলাম। দর্শকের অভাবনীয় সাড়া পেলাম। সত্যি বলতে আমি দর্শকদের হতাশ করতে চাই না। সিনেমার ক্ষেত্রেও চাই সঠিক সময়ে একটা ভালো কোনো প্রজেক্ট নিয়ে দর্শকদের সামনে আসতে। সম্প্রতি নিকেতনপাড়া থেকে একটি সিনেমার প্রস্তাব এসেছিল। বেশ কয়েক দিন মিটিংও করেছি, কিন্তু শিডিউলের কারণে সেই সিনেমা করা আমার পক্ষে সম্ভব হয়নি। সিনেমার প্রস্তাব আসছে, কিন্তু সেটা নিয়ে ঠিক তখনই জানাতে পারব যখন সবকিছু ব্যাটে-বলে মিলবে।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: