সিলেটে বিজিবির অভিযানে ৩৪ লাখ টাকার ভারতীয় চা-পাতাসহ বিভিন্ন পণ্য জব্দ
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ চা-পাতাসহ ৩৪ লাখ ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ও ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির পৃথক আভিযানিক টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দিঘীরপাড় নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮০০ কেজি ভারতীয় চা-পাতা ও একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজারমূল্য ২৪ লাখ টাকা।
এ ছাড়া একই রাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর দায়িত্বাধীন সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার লালাখাল ও সোনারখেওর বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪টি গরু, ১৫০ কেজি চিনি, ১ হাজার ৩২০ কেজি টমেটো ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজারমূল্য ১০ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।
দুটি পৃথক অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ৩৪ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদারে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সাইফুল ইসলাম বাবু / রত্না বাউরি/প্রসি-২৬
মন্তব্য করুন: