সংবিধান নিয়ে আদালত সংসদের লুকোচুরি চায় না জামায়াত আমির
সংবিধান নিয়ে আদালত ও সংসদের মধ্যে লুকোচুরি জামায়াতে ইসলামী চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়নে অবহেলা করা হলে পুরোনো ফ্যাসিস্টদের ফিরে আসার সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় মজলিসে শূরার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘দলটি অতীতের রাজনীতিতে আর ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তারা আগের মতো দলীয়করণের পথে হাঁটছে।’
তার ভাষায়, দলীয়করণ করা শিক্ষাব্যবস্থা একটি জাতির ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে।
তিনি আরো বলেন, ‘এক সময় মজলুম হিসেবে পরিচিত একটি দল অভ্যুত্থানের পর নিজেদের চরিত্র বদলে ফেলেছে। এ কারণে জনগণ দলটির ওপর আগের মতো আস্থা রাখতে পারছে না।’
সরকার প্রধানের জাতীয় ঐক্যের আহবানের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, ‘অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে।’ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রতিবেশীকে বন্ধু হিসেবে দেখতে চায় বাংলাদেশ। তবে পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়।’ আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে অতীতের বিভেদ পেছনে ফেলে নতুন প্রজন্মকে এগিয়ে আসারও আহবান জানান জামায়াত আমির।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: