গানের পেছনের গল্পে মেঘদলের আড্ডা আজ

গানের পেছনের গল্পে মেঘদলের আড্ডা আজ

প্রথম ডেস্ক

২৮/১১/২০২৬ ১২:৫২:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শুধু গান নয়, গানের পেছনের গল্পও শোনার সুযোগ পাবেন শ্রোতারা। ব্যান্ড মেঘদলের সঙ্গে সরাসরি আড্ডা, সংগীতজীবনের অভিজ্ঞতা বিনিময় এবং তাদের সৃষ্টিশীলতার নানা দিক জানার সুযোগ নিয়ে আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীতে বসছে বিশেষ আয়োজন ‘রিভার্ব এক্স মেভারিক: মেঘদল’।

বনানীর বাতিঘর আর্ট স্পেসে সন্ধ্যা ৬টায় শুরু হবে এই আয়োজন। প্রচলিত কনসার্টের বাইরে কিছুটা ঘরোয়া পরিবেশে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এখানে মেঘদলের গান শোনার পাশাপাশি ব্যান্ডের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন দর্শকরা। উঠে আসবে গান তৈরির গল্প, দীর্ঘ সংগীতজীবনের অভিজ্ঞতা, নানা স্মৃতি এবং সৃজনশীলতার পেছনের ভাবনা।

ব্যান্ডটির বর্তমান লাইনআপে রয়েছেন শিবু কুমার শীল (কণ্ঠ, কথা ও সুর), মেজবাউর রহমান সুমন (কণ্ঠ, কথা ও সুর), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, গিটার ও সুর), এম জি কিবরিয়া (বেজ গিটার), আমজাদ হোসেন (ড্রামস), তানভীর দাউদ রনি (কিবোর্ড) ও সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট ও স্যাক্সোফোন)।

এই আয়োজন প্রসঙ্গে শিবু কুমার শীল বলেন, ‘আজকের আয়োজনটি কিছুটা ঘরোয়া পরিবেশে সাজানো হয়েছে। এখানে গান ও আড্ডার মধ্য দিয়ে দর্শকদের সঙ্গে সময় কাটবে মেঘদল । গানের পাশাপাশি গান তৈরির গল্প, অভিজ্ঞতা ও নানা স্মৃতি ভাগাভাগি হবে। আমরা চাই, দর্শকরা শুধু আমাদের গান শুনবেন না, আমাদের ভাবনা ও সৃষ্টিশীলতার গল্পও জানবেন।’

২০০৩ সালে যাত্রা শুরু করে মেঘদল। দুই দশকের বেশি সময় ধরে ব্যান্ডটি বাংলা গানে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছে। শহুরে জীবন, মানুষের সম্পর্ক, প্রেম, বিচ্ছিন্নতা ও প্রান্তিক মানুষের অভিজ্ঞতা তাদের গানের অন্যতম অনুষঙ্গ। ‘এশো আমার শহরে’, ‘মায়া সাইকেল’, ‘না বলা ফুল’, ‘তবু মন’, ‘রোদ্দুরের ফোঁটা’সহ বেশ কিছু গান শ্রোতাদের কাছে পরিচিত।

আয়োজকদের ভাষ্য, দর্শকদের সঙ্গে ব্যান্ডের ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। রিভার্বের উদ্যোগে মেভারিকের সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই আয়োজনে প্রবেশের জন্য আগাম টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের সহযোগী প্ল্যাটফর্ম কুইকেট।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad