দেশ সবার, তাই প্রয়োজন জাতীয় ঐক্য: ডা. শফিকুর রহমান
দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে সরকার, বিরোধী দল এবং ১৮ কোটি মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। বুধবার ঢাকা-১৫ আসনের বিভিন্ন সমস্যা পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
এর আগে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুর রহমান মিল্টনের সঙ্গে ঢাকা-১৫ আসনের চারটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন করা স্থানগুলো হলো— ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক (১৬ নম্বর ওয়ার্ড), পশ্চিম শেওড়াপাড়া ৩ নম্বর গলি (১৪ নম্বর ওয়ার্ড), পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদসংলগ্ন সড়ক (১৩ নম্বর ওয়ার্ড) এবং বাইশটেকি সরকার বাড়ি এলাকা (৪ নম্বর ওয়ার্ড)। এ সময় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। উপস্থিত নেতারা সেগুলো সমাধানের আশ্বাস দেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী কোনো একটি দল বা নির্দিষ্ট আসনের নন; তিনি পুরো দেশের এবং ৩০০ আসনের প্রধানমন্ত্রী। তাই তিনি নিজের নির্বাচনি এলাকার উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী বিষয়টি গ্রহণ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দায়িত্ব দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী বিভিন্ন এলাকা ঘুরে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। দ্রুত এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে স্থানীয় জনগণকে সহযোগিতার আহ্বান জানান।
তিনি বলেন, ঢাকা-১৫ আসন দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছে। ভাঙাচোরা সড়ক, অতিরিক্ত খানাখন্দ, সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি, তীব্র পানির সংকট, জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানি, গ্যাস সংকট, কিশোর গ্যাং এবং বিভিন্ন সড়কে জটলা এখানকার প্রধান সমস্যা। এসব সমাধানে প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসককে সঙ্গে নিয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিরোধীদলীয় নেতার আহ্বানে প্রধানমন্ত্রী তাকে ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানের দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এমন উদাহরণ নেই। এটি পরিবর্তনের নতুন দৃষ্টান্ত। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা সংসদের পরিবেশে ভারসাম্য আনতে সক্ষম। তাই সবাইকে ধৈর্য ধরতে হবে। সব সমস্যার সমাধান ধাপে ধাপে করা হবে। রাতারাতি সবকিছু সম্ভব নয়। পরিবর্তনের এই ধারায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুর রহমান মিল্টন বলেন, দেশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর নয়, এটি সবার। তাই সব সমস্যার সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঢাকা-১৫ আসনের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান, কাফরুল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, মিরপুর থানা আমির, কাফরুল থানা জামায়াতের আমির এবং বিএনপির ঢাকা মহানগর উত্তরের নেতারা।
সজল আহমেদ
মন্তব্য করুন: