টাঙ্গুয়ার হাওরে ৮ লাখ টাকার জাল জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মৎস্য সম্পদে সমৃদ্ধ টাঙ্গুয়ার হাওরে অবৈধ ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৮ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ এবং ছয়টি নৌকাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।নতুন ভাষা শিখুন
সোমবার (৬ অক্টোবর) বিকেলে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান।
অভিযানে পুলিশ এবং গোলাবাড়ি, রামসিংহপুর ও রূপনগর আনসার ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৭টি কোনা জাল, যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা এবং ৩০ হাজার মিটার কারেন্ট জাল, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা, জব্দ করা হয়। কারেন্ট জালগুলো ছয়টি বস্তায় ছিল।
এ সময় ছয়টি নৌকা আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিটি নৌকাকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জব্দ করা কোনা জালগুলো পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ বলেন, টাঙ্গুয়ার হাওরের মৎস্য সম্পদ, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
শামসুল আলম আখঞ্জী/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: