মেসির বিদায়ে ডি মারিয়ার আবেগঘন বার্তা
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচটি শুধু আর্জেন্টিনার জন্য নয় বরং পুরো ফুটবল বিশ্বের জন্য এক আবেগঘন মুহূর্ত হয়ে থাকল। মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারানোর পর শেষ বারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠ ছাড়েন আর্জেন্টাইন মহাতারকা।
মেসির বিদায়ী মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি সতীর্থ এনজো ফের্নান্দেসও। গ্যালারিতে উপস্থিত ছিলেন মেসির দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ আনহেল ডি মারিয়া। মাঠে মেসির শেষ ম্যাচ দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করে ডি মারিয়া লিখেছেন, ‘তোমার প্রজন্মের ফুটবলার হতে পেরে এবং এত বছর ধরে তোমাকে ফুটবল খেলতে দেখতে পেরেছি বলে নিজেকে সৌভাগ্যবান মনে করি। আজ তুমি এমন এক অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছ, যে অধ্যায় তুমি শেষ করার ইচ্ছা প্রকাশ করেছ, তা কখনো কোনো আর্জেন্টাইন শুনতেই চাননি। কিন্তু সেই দিনটি এসে গেছে।’
মেসি ও ডি মারিয়ার বন্ধুত্বের গল্প অবশ্য শুধু মাঠের বাইরের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। আর্জেন্টিনার হয়ে একসঙ্গে তারা পেয়েছেন একাধিক বড় সাফল্য। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জয়ের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দুজনই।
বিশেষ করে কাতার বিশ্বকাপের ফাইনাল তাদের জুটির স্মরণীয় অধ্যায়। ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচে মেসি ও ডি মারিয়া দুজনেই গোল করেছিলেন। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। মেসির বহু প্রতীক্ষিত বিশ্বকাপও সেদিন পূর্ণতা পায়।
বন্ধুর বিদায়ের রাতে তাই ডি মারিয়ার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা। আর্জেন্টিনার হয়ে মেসি যা করেছেন, তার জন্য দেশের মানুষের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
দি মারিয়া অবশ্য মেসির আগেই জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন। ২০২৪ কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার জার্সিতে তার প্রতিযোগিতামূলক অধ্যায় শেষ হয়। মেসির মতো তিনিও দেশের হয়ে দীর্ঘ সময়ের ক্যারিয়ারে একাধিক শিরোপার অংশীদার হয়েছেন।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: