মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মারি

মারা গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মারি

প্রথম ডেস্ক

০৭/১০/২০২৬ ১৬:১২:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হলিউডের সোনালী যুগের অন্যতম পরিচিত মুখ ও অস্কারজয়ী অভিনেত্রী ইভা মারি সেইন্ট আর নেই। ১০২ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন তিনি। মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

১৯২৪ সালের ৪ জুলাই নিউ জার্সিতে জন্ম নেওয়া ইভা মারি সেইন্ট অভিনয়জীবন শুরু করেন রেডিও ও টেলিভিশনে কাজের মধ্য দিয়ে। পরে ১৯৫০-এর দশকের শুরুতে ব্রডওয়ে ও ছোট পর্দায় নিজের অভিনয়দক্ষতার পরিচয় দেন তিনি।

তবে বড় পর্দায় তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ১৯৫৪ সালে এলিয়া কাজানের ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ সিনেমার মাধ্যমে। সেখানে মারলন ব্র্যান্ডোর বিপরীতে ইডি ডয়েল চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি।

সিনেমাটিতে অভিনয়ের স্বীকৃতি হিসেবে ১৯৫৫ সালে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার জিতে নেন ইভা। এরপর একের পর এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে হলিউডে নিজের অবস্থান শক্ত করেন এই অভিনেত্রী।

ক্যারিয়ারে ক্যারি গ্রান্ট, এলিজাবেথ টেলর, ওয়ারেন বেটি ও রিচার্ড বার্টনের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। বিশেষ করে আলফ্রেড হিচককের ১৯৫৯ সালের থ্রিলার ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-এ ক্যারি গ্রান্টের বিপরীতে ইভ কেন্ডাল চরিত্রে তার অভিনয় আজও দর্শকদের কাছে স্মরণীয়।ছয় দশকের অভিনয়জীবনে ‘এক্সোডাস’, ‘এ হ্যাটফুল অব রেইন’, ‘রেইনট্রি কাউন্টি’ ও ‘নাথিং ইন কমন’-এর মতো সিনেমায় দেখা গেছে তাকে।

২০০৬ সালে ‘সুপারম্যান রিটার্নস’ সিনেমায় ক্লার্ক কেন্টের পালক মা মার্থা কেন্ট চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও পরিচিতি পান তিনি।

শুধু চলচ্চিত্র নয়, টেলিভিশনেও নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন ইভা। ১৯৯০ সালে ‘পিপল লাইক আস’ মিনিসিরিজে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে এমি পুরস্কার অর্জন করেন তিনি।

ব্যক্তিজীবনে ১৯৫১ সালে অভিনেতা ও পরিচালক জেফ্রি হেইডেনকে বিয়ে করেন ইভা মারি সেইন্ট। ২০১৬ সালে স্বামীর মৃত্যুর আগ পর্যন্ত ৬৫ বছর একসঙ্গে ছিলেন তারা। এই দম্পতির দুই সন্তান রয়েছে।

অভিনয়জগতের দীর্ঘ ক্যারিয়ারে একাধিক পুরস্কার ও স্মরণীয় চরিত্রের মাধ্যমে দর্শকদের কাছে নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন ইভা মারি সেইন্ট। তার মৃত্যুতে হলিউড হারাল সোনালী যুগের আরও এক উজ্জ্বল তারকাকে।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad