সিলেটে রাসেল হত্যার ছয় দিন পর দুই আসামি গ্রেপ্তার
সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকায় চাঞ্চল্যকর রাসেল আহমদ শাহ প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের মামলায় বড় সাফল্য পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। চাঞ্চল্যকর এই মামলার এজাহারভুক্ত দুই আসামি ইয়াসিন আহমদ ফাহিম (৩৩) এবং আব্দুস সামাদকে (৩৩) সুনামগঞ্জ জেলার একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে এসআরবির একটি দল তাদেরকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূঁইয়া জানান, এসআরবির সফল অভিযানে এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার হয়ে বর্তমানে থানায় পুলিশ হেফাজতে রয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলায় অভিযুক্তরা হলেন- ফজলু মিয়া (৫৫), আবেদ রাজা (৫৫), ইয়াসিন আহমদ ফাহিম (৩৩), আব্দুস সামাদ (৩৩), রনি (৩৫), তানিম আহমদ (২৪), সুমন আলী (৩৪), শহীদ আলী (২৮), কামরান (২৪), মাহবুব (২০), জুবের আহমদ জুবেল (২২), রাফি (২০), সালমান (২৫), আহমাদুর রহমান সাদেক (৪৫), মাসুম (২৫), মুহিন (২২), রাজু মিয়া (৪৫), মোজাহির আলী (৩৭), আলী রুবেল (৩১), গুল্লি সুয়েব (৫৫), সিরাজুল ইসলাম (৫২) ও উজ্জ্বল মিয়া (৩৫)।
উল্লেখ্য, গত শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিলাম চকবাজার এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘাতের একপর্যায়ে দুর্বৃত্তরা রাসেল আহমদকে লক্ষ্য করে প্রকাশ্যে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রাসেলের মা রাজনা বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে মোগলাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
রত্না বাউরী /প্রসি-২৬
মন্তব্য করুন: