তাহিরপুরে শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তঘেঁষা বাগলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সীমান্তঘেঁষা মনোরম পরিবেশে অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষার মানোন্নয়ন এবং উপজেলার শিক্ষাক্ষেত্রে অগ্রগতির প্রত্যাশা তুলে ধরা হয়।
বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জুয়েল মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামণি দেবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগলী কয়লা-চুনাপাথর আমদানিকারক সমিতির সভাপতি কামাল হোসেন এবং অভিভাবক প্রতিনিধি আব্দুল আলীম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামণি দেবী বলেন, সকল প্রতিকূলতা জয় করে তাহিরপুর উপজেলা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাবে—এটাই তাঁর প্রত্যাশা। শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করা, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার বিষয়টি গুরুত্ব পায়।
সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যাশায় আয়োজিত এ সমাবেশে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো
শামসুল আলম আখঞ্জী/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: