জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভারতীয় মহিষ,গরু ও শাড়ি জব্দ
সিলেটের জৈন্তাপুরে বিজিবির পৃথক অভিযানে ১৪টি ভারতীয় মহিষ, ১২টি গরু, ৬২টি শাড়ি ও দুটি পিকআপ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের সিজারমূল্য ৭৪ লাখ ৬ হাজার টাকা। শনিবার (১৭ অক্টোবর) সকালে ও রাতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জৈন্তাপুর উপজেলার গৌরীশংকর নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় মহিষ ও দুটি পিকআপ জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের সিজারমূল্য ৫৮ লাখ ২০ হাজার টাকা।
এ ছাড়া একই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় জৈন্তাপুর এবং সুরাইঘাট বিওপির পৃথক আভিযানিক টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু ও ৬২টি শাড়ি জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ১৫ লাখ ৮৬ হাজার টাকা।
দুটি অভিযানে জব্দ করা মহিষ, গরু, শাড়ি ও পিকআপের সর্বমোট সিজারমূল্য ৭৪ লাখ ৬ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাইফুল ইসলাম বাবু / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: