কমলগঞ্জে লাউয়াছড়ায় ডাকাতি: ঢাকায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছয়দুল গ্রেফতার
Led Bottom Ad

কমলগঞ্জে লাউয়াছড়ায় ডাকাতি: ঢাকায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছয়দুল গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

৩০/১০/২০২৫ ১৫:১৮:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় সংঘটিত ভয়াবহ ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ছয়দুল ইসলাম (২৬)-কে রাজধানী ঢাকার ডেমরা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে ডেমরার মাতুয়াইল বাদশা মিয়া রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৩১ মে রাতে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সংঘটিত এক ভয়াবহ ডাকাতির ঘটনায় ছয়দুল ইসলাম সরাসরি অংশ নেয়। সেদিন পল্লী বিদ্যুৎ বিভাগের লাইনম্যান অমর জিৎ চন্দ্র পাল সিলেটের শ্রীমঙ্গল থেকে নিজ বাড়ি কুলাউড়ার নছিরগঞ্জ যাচ্ছিলেন। ভানুগাছ বাজার অতিক্রম করার সময় ১০–১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রসহ রাস্তায় গাছ ফেলে সিএনজি ও মোটরসাইকেল আটকিয়ে চালক ও যাত্রীদের মারধর করে। এরপর তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুট করে নেয় ডাকাতরা। ঘটনার পর অমর জিৎ চন্দ্র পাল বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা (নং-০১/৭১, তারিখ ০১/০৬/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭) দায়ের করেন। এরপর থেকেই র‍্যাব-৯ ঘটনাটি ছায়া তদন্তে নেয় এবং ডাকাত দলের সদস্যদের শনাক্তে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে ছয়দুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছয়দুল ইসলামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কানাইদেশী গ্রামে। তার পিতা আইয়ুব আলী।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছয়দুল ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর কর্মকর্তারা জানান, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad