ইউক্রেনে শপিং সেন্টারে রুশ ড্রোন হামলা, নিহত ১৪

ইউক্রেনে শপিং সেন্টারে রুশ ড্রোন হামলা, নিহত ১৪

প্রথম ডেস্ক

২২/০৮/২০২৬ ১২:৪৫:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহে একটি ব্যস্ত শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২১ জন। আহতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে। গুরুতর আহত ২৯ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

শুক্রবার (২১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় ক্রিভি রিহের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্সে হামলাটি চালানো হয়। ড্রোন আঘাত হানার পর ভবনটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়।

হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন জরুরি সেবাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধ্বংসস্তূপের মধ্যে আহতদের উদ্ধারে উদ্ধারকর্মীদের তৎপরতা দেখা গেছে।

ক্রিভি রিহ ডিফেন্স কাউন্সিলের প্রধান ওলেক্সান্দর ভিলকুল টেলিগ্রামে জানান, এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১২১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিজের জন্মশহরে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি হামলাটিকে ‘নিষ্ঠুর ও জঘন্য’ বলে অভিহিত করেছেন।

জেলেনস্কির ভাষ্য, প্রথম ড্রোন হামলার প্রায় ৩০ মিনিট পর একই শপিং সেন্টারে দ্বিতীয় একটি রুশ ড্রোন আঘাত হানে। উদ্ধারকর্মী ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের লক্ষ্য করেই দ্বিতীয় হামলাটি চালানো হয়ে থাকতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এ ধরনের হামলা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেয়ে কোনো অংশে কম নয়। রাশিয়ার ওপর আরও কার্যকর আন্তর্জাতিক চাপ প্রয়োগ এবং হামলার জন্য দেশটিকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়াকে বাস্তব জবাবদিহির মুখোমুখি করা প্রয়োজন বলেও মন্তব্য করেন জেলেনস্কি।

এদিকে ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলেও পৃথক রুশ হামলার খবর পাওয়া গেছে। সেখানে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad