দীর্ঘ কেমোথেরাপির পর লাইভে এসে যা জানালেন তানিয়া বৃষ্টি
দীর্ঘ নয় মাস পর আবারও ভক্তদের সামনে সরাসরি হাজির হলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শারীরিক অসুস্থতার কারণে এতদিন ছিলেন আড়ালে।
এই সময়ে মস্তিষ্কে অস্ত্রোপচার, একাধিক সার্জারি এবং কেমোথেরাপির মতো কঠিন চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।
শনিবার ফেসবুক লাইভে এসে নিজের বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসা এবং অভিনয়ে ফেরার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
তানিয়ার অসুস্থতার খবর সামনে আসে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।
ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করা হয়। এরপর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে ৯ মার্চ উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যান তানিয়া। সেখানে আরও দুটি সার্জারি করানো হয় তার।
চিকিৎসার কারণে দীর্ঘ সময় স্বাভাবিকভাবে কথা বলতে পারেননি অভিনেত্রী। তবে শনিবারের লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেছেন তিনি। শুরুতেই নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তানিয়া বলেন, ‘আমি ভালো আছি। বলেন, আপনারা কেমন আছেন?’
নিজের ওজন বেড়ে যাওয়া নিয়েও ভক্তদের প্রশ্নের উত্তর দেন তিনি। তানিয়া বলেন, ‘আমি অসুস্থ ছিলাম। এখনো আছি। তবে আগের চেয়ে অনেকটা ভালো।
আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন। অনেকেই বলছেন, আগের চেয়ে আমার ওজন বেড়েছে। এটা মূলত দুইটা সার্জারির কারণে। এটা খুবই স্বাভাবিক।’
লাইভে ভক্তদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তানিয়া। তার শারীরিক অবস্থা থেকে শুরু করে বিয়ে, কাজে ফেরা এবং আবার কবে নাটকে দেখা যাবে- বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন তারা।
অভিনয়ে ফেরার বিষয়ে তানিয়া জানান, তার কেমোথেরাপি এখনো চলছে। ছয় মাসের চিকিৎসার মধ্যে তিন মাস শেষ হয়েছে। তবে এর মধ্যেই কাজে ফেরার ইচ্ছা রয়েছে তার।
এ বিষয়ে তিনি বলেন, ‘এখনো আমার কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো।অনেকেই জানতে চাইছেন আবার নাটকে কবে দেখা যাবে। আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আপনারাই বলেন ফেরা উচিত হবে কি না। আমার ইচ্ছা আছে এই মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে।’
দীর্ঘ চিকিৎসার সময়টা যে তার জন্য সহজ ছিল না, সেটিও জানিয়েছেন তানিয়া। নিজের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি হয়তো না- ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।’
অভিনয়ে ফেরা নিয়ে দর্শকদের আগ্রহের কথাও তুলে ধরেন তিনি। তানিয়া বলেন, ‘আপনারা হয়তো কেউ কেউ চান না আমি নাটক করি। এটা আপনাদের উপদেশ। কিন্তু অনেকেই আছেন সব সময়ই চান আমি নাটকে ফিরি। তাঁরা কিন্তু আমাকে ভালোবাসেন।
দীর্ঘ এই সময়ে তারা আমার পাশে ছিলেন। তারা আমাকে সম্মান দেন, আমাকে সাপোর্ট করেন। আমি অভিনয় করব, কারণ দর্শক আমাকে চান। আমি নিজেও অভিনয় খুব মিস করি।’
বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন তানিয়া। অসুস্থতার এই সময়ে তার সঙ্গী হয়েছে ছয়টি পোষা বিড়াল। বেশির ভাগ সময় তাদের সঙ্গেই কাটে তার। কোথাও বাইরে গেলেও কখনো কখনো বিড়ালগুলোকে সঙ্গে নিয়ে যান বলে জানান তিনি।
দীর্ঘ এই সময়ে যারা তার সুস্থতার জন্য দোয়া করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান অভিনেত্রী। তানিয়া বলেন, ‘টানা ৯ মাস মানুষ আমার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমার ফেরার অপেক্ষায় রয়েছেন। তারা আমার শুভাকাঙ্ক্ষী। যারা আমার সঙ্গে কথা বলেন, আমি তাদের সঙ্গে কথা বলি।
তারা আমাকে সম্মান করেন, পাশে থাকেন, আমার কাজগুলো দেখেন। তারা চান আমি কাজে ফিরি। তারা আমাকে বাজে ইঙ্গিত ও বাজে কথা বলেন না।’
লাইভের শেষদিকে নিজের জন্য আরও দোয়া চান তানিয়া। তিনি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। অনেকেই জানতে চাইতেন, আমি কেমন আছি। সেই জন্য লাইভে আসা। সবাই ভালো থাকবেন।’
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: