যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত সব আরোহী
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট আকৃতির একটি বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ সর্বমোট ছয় আরোহী প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার (বাংলাদেশ সময় বুধবার আনুমানিক সকাল সাড়ে ৮টার) দিকে রাজ্যের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল দূরে ডেলোনা শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদসংস্থা নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, ডেলোনা শহরের আকাশসীমা অতিক্রমের সময় ‘পাইপার পিএ-৪৬’ মডেলের একটি ফিক্সড-উইং বিমান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। সুক কাউন্টি শেরিফ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় বিমানে থাকা পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও এক শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন।
ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) ও স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে বিমানটির বৈমানিক নিকটস্থ এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এয়ার ট্রাফিকের সেই কথোপকথন পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে এ বিপর্যয় ঘটেছে কি না—তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ভূমিতে থাকা কোনো স্থাপনা বা বেসামরিক নাগরিক এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হননি। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে এফএএ-এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করেছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: